নেপালে ভয়াবহ বন্যায় ভেসে আসা ৭টি লাশ উদ্ধার করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
শুক্রবার (২৮ আগস্ট) বার্তা সংস্থা স্ট্রেইট টাইম্সের বরাতে ভারতের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানান, এসব লাশ সীমান্ত পেরিয়ে ভাটির দেশে চলে আসে। এই ঘটনা হিমালয় কন্যা নেপালে চলমান প্রাণঘাতী প্রলয়ের ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মহারাজগঞ্জ এবং কুশীনগর জেলার নদীতে লাশগুলো ভাসতে দেখা যায়। এলাকা দুটি নেপালের বন্যাদুর্গত দক্ষিণাঞ্চলীয় চিতওয়ান সীমানার কাছে অবস্থিত।
মহারাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট গৌরব সিং সোগারওয়াল বার্তা সংস্থা এএফপি-কে বলেন, বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলাটিতে পরিচয়হীন চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ধারণা করছি, নেপালে আকস্মিক বন্যার পর এগুলো সীমান্ত দিয়ে ভারতে ভেসে এসেছে।
এ ছাড়া সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার ভাটিতে কুশীনগর জেলা থেকে আরও তিনটি লাশ উদ্ধার করার বিষয়টি এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন। উদ্ধার করা মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এই বন্যায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫০০ মানুষ, যার মধ্যে নেপালেই উদ্ধার করা হয়েছে ৪৬৯ জনের লাশ এবং চীনে উদ্ধার হয়েছে তিনটি লাশ। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১,৪০০ জন। ভারতে উদ্ধার হওয়া এই সাতটি লাশ এখন পর্যন্ত অফিসিয়াল মোট মৃত্যুর হিসাবের বাইরে রাখা হয়েছে।


