কক্সবাজারের উখিয়ায় সাগরপাড় থেকে এক দিনে তিনটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ৩টার মধ্যে জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
উখিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এরপর বিকেল পৌনে ৩টার দিকে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকায় সাগরপাড় থেকে আরও দুটি লাশ উদ্ধার করা হয়। তিনটি লাশেরই সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তিনজনের কারও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। লাশগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, গত ২১ সেপ্টেম্বর টেকনাফ সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় কোস্টগার্ড ১৭ জনকে জীবিত উদ্ধার করে। তবে কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কেউ আছেন কি না, তা যাচাই করছে পুলিশ।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, সাগরপাড় থেকে উদ্ধার হওয়া তিনটি লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কেউ এসব মরদেহের মধ্যে আছেন কি না, তা যাচাই করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
ওসি আরও বলেন, লাশগুলোর পরিচয় শনাক্তের পাশাপাশি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


