...|...|...

সারাদেশ

বিস্ফোরণের পর লরি থেকে ৫ জনের লাশ উদ্ধার

মাসুদুর রহমান রুবেল, আশুলিয়া
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৩৪ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৪৯
Shares
বিস্ফোরণের পর লরি থেকে ৫ জনের লাশ উদ্ধার

আশুলিয়ার জামগড়া এলাকায় একটি গ্যাস সিলিন্ডারবাহী লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে লরির ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় পাঁচজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণের তীব্রতায় ছিটকে আসা সিলিন্ডারের অংশের আঘাতে ঘটনাস্থলেই মারা যান এক নারী।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় প্রিটি গ্রুপের প্রিটি কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের ভেতরে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় লরির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এতে লরির ভেতরে থাকা পাঁচজন দগ্ধ হয়ে মারা যান। পরে লরি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আগুনে লাশগুলো এমনভাবে ঝলসে গেছে যে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে, বিস্ফোরণের সময় লরির যন্ত্রাংশ বা সিলিন্ডারের একটি অংশ ছিটকে পাশের একটি দোকানের সামনে থাকা নারী মোছাম্মত জয়নব বানু (৫৫)কে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জয়নব বানু আশুলিয়ার ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত জয়নব বানুর মেয়ে জানান, তিনি জামগড়া এলাকায় দর্জির কাজ করেন। তার মা কয়েক দিন আগে তার বাসায় বেড়াতে এসেছিলেন। দুর্ঘটনার সময় তিনি দোকানের ভেতরে কাজ করছিলেন এবং তার মা বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ছিটকে আসা সিলিন্ডারের অংশ তার মায়ের মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার ছেলেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, আমরা লরির ভেতর থেকে পাঁচজনের দগ্ধ লাশ  উদ্ধার করেছি। আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত লাশগুলোর চেহারা ও শরীর এমনভাবে পুড়ে গেছে যে, তাৎক্ষণিকভাবে কারোর চেনার বা পরিচয় শনাক্ত করার উপায় নেই।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কারখানার সামনে অবস্থানরত একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের কোম্পানির পরিত্যক্ত একটি জায়গায়। বিস্ফোরণের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা এক পথচারী নারী ছিটকে আসা সিলিন্ডারের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ চলছে।