...|...|...

সারাদেশ

নিয়োগকর্তাকে নিজের বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন সিঙ্গাপুরপ্রবাসী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪০
Shares
নিয়োগকর্তাকে নিজের বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন সিঙ্গাপুরপ্রবাসী

নিয়োগকর্তাকে নিজের বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন সিঙ্গাপুরপ্রবাসী। ছবি: ভিডিও থেকে নেওয়া

পরিবারের উন্নত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ১৪ বছর ধরে সিঙ্গাপুরে কাজ করেছেন বাংলাদেশের কুমিল্লার সুমন। দীর্ঘদিনের পরিশ্রম ও সঞ্চয় দিয়ে দেশে নির্মাণ করেছেন তিনতলা একটি বাড়ি। এবার সেই স্বপ্নের বাড়ি ঘুরিয়ে দেখাতে সিঙ্গাপুরের নিজের নিয়োগকর্তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। নিয়োগকর্তাকে নিয়ে বাড়ির প্রতিটি অংশ ঘুরে দেখানোর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

সিঙ্গাপুরভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম এশিয়া ওয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন এলাকার বাড়িঘর তুলে ধরে ফেসবুক পেজ ‘আল আমিন গ্রামীণ ব্লগ’। সম্প্রতি পেজটিতে সুমনের বাড়ি ঘুরে দেখানোর একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি এরই মধ্যে ৪৬ লাখের বেশি বার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ১ লাখ ৬০ হাজারের বেশি।

‘হোসেন ভিলা’ নামের বাড়িটির আয়তন ২ হাজার ৫০০ বর্গফুট। বাড়ির প্রবেশপথে বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুরের পতাকাও রাখা হয়েছে। দীর্ঘদিন যে দেশে জীবিকা অর্জনের জন্য কাজ করেছেন এবং যে দেশকে নিজের বাড়ি মনে করেন, সেই দুই দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই পতাকা দুটি স্থাপন করেছেন সুমন।

ভিডিওতে দেখা যায়, বাড়িতে রয়েছে প্রশস্ত আঙিনা, দৃষ্টিনন্দন বড় প্যাঁচানো সিঁড়ি এবং তিনতলায় পাঁচটি শয়নকক্ষ। বাড়িটির নকশা ও সাজসজ্জায় সুমনের নিজস্ব রুচির ছাপ রয়েছে।

ভিডিওতে সুমন জানান, তিনি বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা। সিঙ্গাপুরে অভ্যন্তরীণ সাজসজ্জা বা ইন্টেরিয়র প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা নিজের বাড়ির নকশা ও সাজসজ্জার বিভিন্ন সিদ্ধান্ত নিতে তাকে প্রভাবিত করেছে। বাড়িটি নির্মাণে নিজের সঞ্চয় থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার ব্যয় করেছেন তিনি।

তবে সুমনের কাছে এই অর্জনের বিশেষ আনন্দের জায়গা শুধু বাড়ি নির্মাণ নয়, বরং দীর্ঘদিনের কর্মজীবনের সাথে যুক্ত মানুষদের সাথে সেই আনন্দ ভাগ করে নেওয়া। এ কারণেই নিজের সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানান তিনি। নিয়োগকর্তার পরিচয় অবশ্য ভিডিওতে প্রকাশ করা হয়নি।

বাড়িটি ঘুরে দেখার পর সুমনের এমন অর্জনের প্রশংসা করেন তার নিয়োগকর্তা। তিনি সুমনকে অভিনন্দন জানান এবং সুযোগ হলে নিজের সম্প্রদায়ের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন। পাশাপাশি পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসবাসের জন্য এমন একটি বাড়ি নির্মাণ করতে পারায় সন্তোষ প্রকাশ করেন তিনি। দীর্ঘদিনের পরিশ্রমের লক্ষ্য পূরণ হতে দেখে আনন্দিত বলেও জানান নিয়োগকর্তা।

ভিডিওতে সুমন জানিয়েছেন, তিনতলা বাড়ি নির্মাণ করলেও তিনি এখনো সিঙ্গাপুরে কাজ করছেন।

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেকেই বাড়িটির নকশা ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। সুমনকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার দীর্ঘদিনের পরিশ্রমেরও প্রশংসা করেছেন দর্শকেরা। তাদের কাছে বাড়িটি শুধু একটি দৃষ্টিনন্দন স্থাপনা নয়, বরং পরিবারের সুন্দর ভবিষ্যৎ গড়তে একজন প্রবাসী শ্রমিকের ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়ের প্রতীক।