...|...|...

সারাদেশ

নিখোঁজের আগে অপ্রতিমের সাথে কে ছিল, মিলল সিসিটিভি ফুটেজ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২৭ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩৭
Shares
নিখোঁজের আগে অপ্রতিমের সাথে কে ছিল, মিলল সিসিটিভি ফুটেজ

নিখোঁজের আগে অপ্রতিমের সাথে কে ছিল, মিলল সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম নিখোঁজ হওয়ার একদিন পর তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ১৩ বছর বয়সী অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। ওইদিন রাতেই তার পরিবারের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এরপর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন স্থান থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। লাশটি অপ্রতিমের বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম নিশ্চিত করেছে।

এদিকে অপ্রতিম নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সামনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে স্থানীয় এক ছেলেকে অপ্রতিমের সাথে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, নিখোঁজ শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে।