নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি জানান, নভেম্বরের প্রথম ২৩ দিনে নিষিদ্ধ দলগুলোর ৭২টি ঝটিকা মিছিলের ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এসব ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬৬ জন।
জাহেদ উর রহমান বলেন, এই দলটির কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় তারা কোনো ঝটিকা মিছিল করতে পারে না। এটা বেআইনি। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং গ্রেফতার হবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নভেম্বরের প্রথম ২৩ দিনে দেশের বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেফতার হয়েছেন ১০০ জন।
এ সময়ে পুলিশের স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে চারটি। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২৮টি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ধরনের ৭২টি ঘটনা ঘটেছে। আর অধ্যাপক মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে গিয়ে এসব পরিসংখ্যান উপস্থাপন করেন জাহেদ উর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান তৈরি করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানায় তথ্য মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।


