...|...|...

ক্যাম্পাস

ডিনস অ্যাওয়ার্ড পেলেন জুলাইয়ের সেই তন্বী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ১০:০৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, রাত ১০:১১
Shares
ডিনস অ্যাওয়ার্ড পেলেন জুলাইয়ের সেই তন্বী

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ডাকসু নেত্রী সানজিদা আহমেদ তন্বী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০২৩ ও ২০২৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে এ পুরস্কার দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

সানজিদা আহমেদ তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৪ সালের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন তিনি। ওই দিন রক্তাক্ত অবস্থায় লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্দোলনের সময় ছবিটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭৩ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি অসাধারণ গবেষণাকর্মের স্বীকৃতি হিসেবে চার শিক্ষক পেয়েছেন ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড।

অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক-এই চার ক্যাটাগরিতে শিক্ষকদের ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ১০ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১০ জন, প্রাণিবিদ্যা বিভাগের ১০ জন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১০ জন, মনোবিজ্ঞান বিভাগের তিনজন, অণুজীব বিজ্ঞান বিভাগের ১০ জন, মৎস্যবিজ্ঞান বিভাগের ১০ জন এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন।