...|...|...

ক্যাম্পাস

জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদ ছাত্র জমিয়তের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ১০:২৫
Shares
জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদ ছাত্র জমিয়তের

ছবি: সংগৃহীত

জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদাসসীর চৌধুরীর ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী ও সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, রাজনৈতিক মতাদর্শ ও সাংগঠনিক অবস্থানের ভিন্নতা সত্ত্বেও প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার রয়েছে। মতপার্থক্যের কারণে কোনো ছাত্রনেতার ওপর হামলা বা বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশকে বাধাগ্রস্ত করে।

নেতারা বলেন, ছাত্রসংগঠনগুলোর মধ্যে আদর্শিক ও রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও তা যেন পারস্পরিক বিরোধ কিংবা সংঘাতে রূপ না নেয়। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।

বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদাসসীর চৌধুরীর ওপর হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি সব ছাত্রসংগঠনকে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ছাত্র জমিয়তের নেতারা।

তারা বলেন, শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। মতপার্থক্যকে সহিংসতার পরিবর্তে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে মোকাবিলা করতে হবে।