...|...|...

ক্যাম্পাস

এক সনদের জন্য ১০ দফতরে দৌড়ঝাঁপ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪১
Shares
এক সনদের জন্য ১০ দফতরে দৌড়ঝাঁপ

ছবি: সংগৃহীত

স্নাতক শেষ করার পর সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।  প্রয়োজনীয় কাগজপত্র তুলতে গিয়ে শিক্ষার্থীদের পাড়ি দিতে হয় দীর্ঘ ও জটিল এক প্রক্রিয়া। সার্টিফিকেট ও মার্কশিট তুলতে হলে প্রথমে শিক্ষার্থীদের ক্লিয়ারেন্স ফর্ম জমা দিতে হয়। এই ফর্মে অন্তত দশটি দফতরে ঘুরে ঘুরে স্বাক্ষর নিতে হয় যার মধ্যে আছে- নিজ বিভাগের বিভাগীয় প্রধান, কেন্দ্রীয় গ্রন্থাগার, হল প্রভোস্ট, প্রক্টর অফিস, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, অর্থ ও হিসাব দফতর, শারীরিক শিক্ষা দফতর, মেডিকেল সেন্টার, পরিবহন পুল ও আইসিটি সেল। 

এসব দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিংবা দফতর প্রধানের স্বাক্ষর সংগ্রহ করতে শিক্ষার্থীদের কারো কারো প্রায় দুই থেকে তিন দিন সময় লেগে যায়। কারণ অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত থাকেন, কিংবা কেউ ক্যাম্পাসের বাইরে অবস্থান করেন, ফলে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে সবচেয়ে বেশি সমস্যা পড়ে দূরের জেলা হতে আসা শিক্ষার্থীরা। কারণ একদিনে সব স্বাক্ষর নিতে না পারলে তাদের ক্যাম্পাসে থাকতে হয় কয়েকদিন। এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীনও হন তারা।

এ ছাড়াও মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট তুলতে ২য় সেমিস্টার হতে ৮ম সেমিস্টার পর্যন্ত ব্যাংকে ফি জমা দিতে হয় ১০৫০ টাকা, জরুরিভিত্তিতে তুলতে দিতে হয় ১৪০০ টাকা। এরপর সেই টাকা প্রদানের রশিদ পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে জমা দিতে হয়। চূড়ান্ত ট্রান্সক্রিপ্টের জন্য ব্যাংকে জমা করতে হয় ৩০০ টাকা, অতঃপর পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে টাকা প্রদানের রশিদ জমা দেওয়ার ৭ দিন পর ট্রান্সক্রিপ্ট শিক্ষার্থীর হাতে দেওয়া হয়। জরুরীভিত্তিতে ট্রান্সক্রিপ্ট তুলতে সেই ট্রান্সক্রিপ্ট ফি'র পরিমাণ হয় ৫০০ টাকা, সেক্ষেত্রে সময় লাগে ৩ দিন। একে তো ক্লিয়ারেন্স ফরম পূরণ ও স্বাক্ষর সংগ্রহের ঝামেলা, তার ওপর বিভিন্ন দফতরে ঘুরতে ঘুরতেই কেটে যায় বহু সময় ও শ্রম।

আবার সাময়িক সনদ তুলতেও প্রয়োজন ৩০০ টাকা। সেইসাথে এসএসসি এর সার্টিফিকেট, সর্বশেষ সেমিস্টার পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি জমা করতে হয়। সবকিছু জমা দেওয়ার পর সময় নেওয়া হয় ৭ দিন। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সার্টিফিকেট তুলতে আসা শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী আবার পরামর্শ দিয়েছেন ক্লিয়ারেন্স পদ্ধতিটা ডিজিটালাইজেশন করতে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সানজিদা বলেন, ‘আমার বাড়ি পঞ্চগড়ে। ক্লিয়ারেন্স নিতে ও কাগজপত্র জমা দিতে এতদূর আসা লাগছে। আবার হল প্রভোস্টের স্বাক্ষর আজকে পাইনি। এক্ষেত্রে আমার এখানে আজকে রাত থাকতে হবে। যা মেয়ে হিসেবে আমার কাছে ভোগান্তির বিষয়। সম্পূর্ণ প্রসেস টা যদি অনলাইনে করতে পারতাম। তাহলে সবকিছু সম্পন্ন করার পর একবারে শুধু সনদপত্র নিতে ক্যাম্পাসে আসতাম। এতে আমস্র ভোগান্তি অনেক কম হতো।’

বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক শিক্ষার্থী হৃদয় আহমেদ বলেন, স্নাতক শেষ করার পর সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে গিয়ে আমাদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। ক্লিয়ারেন্স নিতে এক দফতর থেকে আরেক দফতরে গিয়ে স্বাক্ষর সংগ্রহ করতে হয়। কোনো কোনো কর্মকর্তা দফতরে না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ফলে একদিনে কাজ শেষ করা অনেক সময় সম্ভব হয় না। আমার বাড়ি দিনাজপুরে। আমার মতো দূরের জেলা থেকে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে ভোগান্তি আরও বেশি। আমাদের অতিরিক্ত কয়েকদিন ক্যাম্পাসে থাকতে হওয়ায় সময় ও অর্থ দুটোই ব্যয় হয়। এরপর মার্কশিট ও ট্রান্সক্রিপ্টের জন্য আলাদাভাবে ফি জমা দিয়ে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়। সাময়িক সনদ সংগ্রহের ক্ষেত্রেও বিভিন্ন কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি কয়েকদিন অপেক্ষা করতে হয়। বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এসব প্রক্রিয়া আরও সহজ ও শিক্ষার্থী বান্ধব হওয়া প্রয়োজন। ক্লিয়ারেন্সসহ পুরো প্রক্রিয়াটি ডিজিটালাইজ করা হলে শিক্ষার্থীদের সময়, শ্রম ও অর্থের অপচয় অনেকটাই কমবে।

ক্লিয়ারেন্স ডিজিটালাইজেশন করার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘এটা একটি নীতিগত সিদ্ধান্ত। এখানে পরীক্ষা নিয়ন্ত্রকের কিছু করার নেই। মার্কশিট কিংবা সার্টিটিফিকেট এখান থেকেই প্রসেস হয় কিন্তু সম্পূর্ণ বিষয়টা সেন্ট্রালি নিয়ন্ত্রণ হয়। নীতিগত কিছু নিয়মকানুন আছে, সেগুলো অনুসরণ করে চলতে হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ থাকতেই পারে যে এটা কীভাবে আরও সহজ করা যায়। সেক্ষেত্রে তারা ছাত্র পরামর্শক বা বিভাগীয় প্রধানের নিকট দাবি তুললে তখন তারা যদি প্রস্তাব দেয় যে এটাকে আরও কীভাবে সহজ করা যায়, তখন এ বিষয়ে সিদ্ধান্ত  গ্রহণ করা যাবে৷ এ ব্যাপারে আমার হাতে করার কিছুই নেই।’

এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের ক্লিয়ারেন্সের ক্ষেত্রে ভোগান্তির বিষয়ে আমিও শুনেছি। এই সমস্যা সমাধানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অটোমেশন সফটওয়্যারের কাজ হাতে নিয়েছিল বলে শুনেছিলাম। প্রশাসন এই বিষয়ে ইতিবাচক আছে। অটোমেশন সফটওয়্যারটি চালু হয়ে গেলে শিক্ষার্থীদের এমন ভোগান্তি আশা করি থাকবে না। আমি আশা করছি খুব দ্রুততম সময়েই এইটা চালু করা হবে। তবে নির্দিষ্ট কোনো সময় বলতে পারছি না। আমি প্রশাসনিক পর্যায়ে এই বিষয় নিয়ে কথা বলব।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন বলেন, ‘ইতিমধ্যে ডিজিটালাইজেশনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। প্রশাসন ইতিবাচক আছে এবিষয়ে। আমরাও চাই না একজন শিক্ষার্থীর চার বছরের অর্জন হাতে পেতে যেন কোনো ভোগান্তির স্বীকার না হয়। সেইসাথে আমরা রেজাল্ট আরও দ্রুত কীভাবে দেওয়া যায়, সেই কার্যক্রমও চালু করেছি।’