...|...|...

ক্যাম্পাস

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের পকেট গেট

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ১২:৪২
Shares
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের পকেট গেট

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের কাটাবন-শাহবাগ সড়কসংলগ্ন বন্ধ পকেট গেট খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গেটটি বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শনিবার (২১ নভেম্বর) রাতে এটি খুলে দেওয়া হয়।

এর আগে রাত ১০টার দিকে হলপাড়ায় জড়ো হয়ে গেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আক্তারুজ্জামানের সামনেই ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা। তারা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সহকারী প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক সজিব গেটটি খুলে দেন। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, পকেট গেট বন্ধ থাকায় প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে টিউশনি, জরুরি প্রয়োজনে ওষুধ ও খাবার সংগ্রহ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য তাদের দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছিল। এতে সময়ের পাশাপাশি অতিরিক্ত অর্থও ব্যয় হচ্ছিল। এ কারণে গেটটি পুনরায় খুলে দেওয়ার দাবি জানান তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনার পর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হলপাড়াসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের হাজার হাজার শিক্ষার্থীর যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই পকেট গেট। এটি খোলা থাকলে কাটাবন মার্কেট, আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালসহ শাহবাগ এলাকা থেকে আসা যানবাহনগুলো সরাসরি গেটের সামনে শিক্ষার্থীদের নামিয়ে দিতে পারত। ফলে সহজেই হলে প্রবেশ করতে পারতেন তারা।

তবে গেটটি বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীদের শাহবাগ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, কলা ভবন ও মল চত্বর হয়ে এক কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে হলে যেতে হচ্ছিল। এতে প্রতিবার যাতায়াতে অতিরিক্ত ৬০ থেকে ৮০ টাকা রিকশাভাড়া দিতে হচ্ছিল। বাড়তি খরচ এড়াতে হেঁটে যাতায়াত করলে আধা ঘণ্টারও বেশি সময় লাগত বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি ও বিক্ষোভের পর শেষ পর্যন্ত গেটটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।