...|...|...

ক্যাম্পাস

নির্জন রাস্তায় মুমূর্ষু অবস্থায় পড়ে ছিলেন চবি শিক্ষার্থী, প্রাণ বাঁচালেন মিনহাজুর

চবি প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ১:৩৪
Shares
নির্জন রাস্তায় মুমূর্ষু অবস্থায় পড়ে ছিলেন চবি শিক্ষার্থী, প্রাণ বাঁচালেন মিনহাজুর

ছবি: টাইমস টুডে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের পেছনে নির্জন সড়কে অসুস্থ হয়ে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা এক শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন জোবরা গ্রামের বাসিন্দা মিনহাজুর রহমান মোফিক্স। 

উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম মহিউদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় মহিউদ্দিনের বমির শব্দ ও গোঙানি শুনে এগিয়ে যান মিনহাজুর। পরে তাকে রাস্তার পাশে তীব্র যন্ত্রণায় কাতরাতে দেখে দ্রুত উদ্ধারের উদ্যোগ নেন তিনি।

মিনহাজুরের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে এক বড় ভাইয়ের বাসায় আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে সোহরাওয়ার্দী হলের পেছনে আটতলা ভবন ও লালপাহাড় সংলগ্ন নির্জন সড়ক দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ কারও বমির শব্দ ও গোঙানি শুনতে পান। শব্দের উৎসের দিকে এগিয়ে গিয়ে রাস্তার পাশে মহিউদ্দিনকে পড়ে থাকতে দেখেন। তার মুখ দিয়ে নীলচে রঙের বমি বের হচ্ছিল। প্রচণ্ড যন্ত্রণার মধ্যে তিনি অস্পষ্ট স্বরে বারবার বাবাকে খুঁজছিলেন এবং আল্লাহর নাম নিচ্ছিলেন।

মিনহাজুর জানান, সবচেয়ে কষ্টের বিষয় ছিল, তার আগে বিশ্ববিদ্যালয়েরই আরেক শিক্ষার্থী মহিউদ্দিনকে একই অবস্থায় পড়ে থাকতে দেখলেও কোনো ধরনের সহযোগিতা না করে সেখান থেকে চলে যান। বিষয়টি তাকে ব্যথিত করে। এমন পরিস্থিতিতে একজন বিপন্ন মানুষের পাশে না দাঁড়ানোর এই উদাসীনতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে মিনহাজুর দ্রুত মহিউদ্দিনের একটি ভিডিও ধারণ করেন, যাতে পরবর্তী সময়ে তার পরিচয় শনাক্ত করা বা প্রয়োজনে সেটি কাজে লাগানো যায়। এরপর আশপাশের লোকজনকে ডেকে জড়ো করেন। একই সাথে সোহরাওয়ার্দী মোড়ে অবস্থানরত রেদোয়ান সামিকে ভিডিও ক্লিপসহ ঘটনার বিষয়টি জানান।

খবর পেয়ে রেদোয়ান সামি তার বন্ধুদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। এদিকে মিনহাজুরের সাথে থাকা তার ছোট ভাই রাফিউল আজম রাফি ও আরেকজন বড় ভাই মিলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অ্যাম্বুলেন্সে যোগাযোগ করেন। তবে সড়কটির অবস্থার কারণে অ্যাম্বুলেন্সটি সোহরাওয়ার্দী হলের পেছনের নির্জন স্থান পর্যন্ত পৌঁছাতে পারেনি। পরে রেদোয়ান সামি ও তার বন্ধুরা মিলে মহিউদ্দিনকে ধরাধরি করে সোহরাওয়ার্দী মোড়ে নিয়ে আসেন। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

মেডিকেল সেন্টারে নেওয়ার পর মহিউদ্দিনকে অক্সিজেন দেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন রয়েছেন। তবে শারীরিক অবস্থার কারণে এখনও কথা বলতে পারছেন না।

ঘটনার পর নিজের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে মিনহাজুর বিশ্ববিদ্যালয়ের হল কিংবা মেসে থেকে পড়াশোনা করা শিক্ষার্থীদের অসহায়ত্বের বিষয়টিও সামনে আনেন। তার ভাষ্য, পরিবার থেকে বহু দূরে থাকা শিক্ষার্থীরা অসুস্থ হলে কিংবা বিপদে পড়লে পাশে মা-বাবা বা পরিবারের সদস্যদের পান না। এমন পরিস্থিতিতে একজন শিক্ষার্থীর সামান্য সহযোগিতাও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মিনহাজুরের এই উদ্যোগে যুক্ত হওয়া অন্যদের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। রেদোয়ান সামি ও তার বন্ধুরা ঘটনাস্থলে ছুটে আসেন। রাফিউল আজম রাফিসহ অন্যরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে এগিয়ে আসেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অসুস্থ মহিউদ্দিনকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়।

মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা সহপাঠীর পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় মিনহাজুরের এমন উদ্যোগ প্রশংসা পাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। পরিবার থেকে দূরে থাকা একজন শিক্ষার্থীর বিপদের মুহূর্তে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসার এই ঘটনা ক্যাম্পাসে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব আবারও সামনে এনেছে।

মিনহাজুরের আহ্বান, ক্যাম্পাস কিংবা আশপাশের এলাকায় কাউকে অসুস্থ বা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে কেউ যেন মুখ ফিরিয়ে চলে না যান। নিজে সহযোগিতা করতে না পারলেও অন্তত অন্য কাউকে বিষয়টি জানানো উচিত। তার প্রত্যাশা, মহিউদ্দিন দ্রুত সুস্থ হয়ে আবার পরিবারের কাছে ফিরে যাবেন।