বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আগামী দুই-তিন দিনের মধ্যে বৈঠকের কার্যবিবরণী প্রস্তুত করে এ সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
শনিবার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থের সংস্থান বিবেচনায় পর্যায়ক্রমে তা বাস্তবায়নের কথা থাকলেও সেটি হয়নি। বিষয়টি সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। কমিটি তাদের এমপিওভুক্তির সুপারিশ করেছে।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, সংসদীয় কমিটি বেশ কয়েকটি বিষয়ে সুপারিশ করেছে। তবে এখনো সভার কার্যবিবরণী প্রস্তুত হয়নি। আগামী দুই-তিন দিনের মধ্যে কার্যবিবরণীর খসড়া তৈরি হবে। এরপর নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
গত ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানিয়েছিলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনের বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করা হবে।
এবার তাদের এমপিওভুক্তির বিষয়ে আনুষ্ঠানিক সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ সুপারিশের ভিত্তিতে কবে নাগাদ এমপিওভুক্তি কার্যকর হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে নন-এমপিও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২ হাজার ৭১২টি। এ ছাড়া স্কুল অ্যান্ড কলেজ ২২৩টি, কলেজ ৮৬৩টি, মাদরাসা ১ হাজার ৯২টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ১ হাজার ২৮৯টি।


