...|...|...

জাতীয়

নতুন পে স্কেলের ঘোষণা আসতে পারে আজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, দুপুর ২:১৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৩
Shares
নতুন পে স্কেলের ঘোষণা আসতে পারে আজ

সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নবম পে স্কেলের সুপারিশ আলোচনায় উঠতে পারে। মন্ত্রিসভায় অনুমোদন মিললেই নতুন বেতন কাঠামো ঘোষণার পথ খুলবে।

ইতোমধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য গঠিত সচিব কমিটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। খসড়া অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে নবম পে স্কেলের আংশিক বাস্তবায়ন ধরা হবে। পর্যায়ক্রমে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ২০২৮ সালের জানুয়ারির মধ্যে সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৬ জুলাই অর্থ বিভাগ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবম পে স্কেলের বিষয়ে অবহিত করে। প্রধানমন্ত্রীর সম্মতির পর অর্থ বিভাগ মন্ত্রিসভার বৈঠকে খসড়া প্রস্তাব উপস্থাপন করবে বলে জানা গেছে।

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য নতুন যে পে স্কেল করা হয়েছে, সেটি অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এর এক দিন আগে রোববার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারও পে স্কেল চূড়ান্ত পর্যায়ে থাকার কথা জানান। তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো সময় এটি ঘোষণা হতে পারে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি সচিব কমিটি গঠন করা হয়।

এর আগে অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ওই কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।