...|...|...

সারাদেশ

দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিলল ৮ লাখ টাকার ক্রিম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১০
Shares
দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিলল ৮ লাখ টাকার ক্রিম

ছবি: টাইমস টুডে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দ করা এসব ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব ক্রিম পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্যের অবৈধ আমদানি ও বাজারজাতকরণ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান চলবে।