দুবাইয়ে ৫৪ জন কারিগরের দীর্ঘ ৫ হাজার ৮৪০ ঘণ্টার পরিশ্রমে তৈরি হয়েছে ১৬ কেজিরও বেশি ওজনের একজোড়া বিশাল স্বর্ণের ঝুমকা। আর এর মাধ্যমেই দুটি গিনেস বিশ্বরেকর্ড গড়েছে ভারতের বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড ‘জয়লুক্কাস’।
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ২২ ক্যারেটের এই বিশাল স্বর্ণের কানের দুল বা ঝুমকাটির নাম দেওয়া হয়েছে ‘ময়ূরা সহস্র’, যার অর্থ ‘এক হাজার ময়ূর’। জোড়া মিলিয়ে এই ঝুমকাটির মোট ওজন ১৬ দশমিক ৫১৪ কেজি। যার বাজারমূল্য প্রায় ৭৩ লাখ দিরহাম (গুগল তথ্যমতে)। তবে এই বিশাল ঝুমকা জোড়াটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ার উদ্দেশ্যে তৈরি একটি বিশেষ প্রদর্শনী শিল্পকর্ম এবং এটি বিক্রয়ের জন্য নয়।
গত ২৪ অক্টোবর দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের ‘জুয়েল অফ জয়’ শোরুমে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মার্রি আনুষ্ঠানিকভাবে এই ঝুমকাগুলো উন্মোচন করেন।
দৈর্ঘ্যে ১ দশমিক ২১৫ মিটার এবং ব্যাসে শূন্য দশমিক ৬৮২ মিটার মাপের এই ঝুমকা দুটি তৈরি করতে ৫৫ জন দক্ষ কারিগরের বেশ কয়েক মাস এবং মোট ৫ হাজার ৮৪০ ঘণ্টা সময় লেগেছে। দক্ষিণ এশীয় বিয়েতে ঐতিহ্যবাহী ঘণ্টা আকৃতির ঝুমকা এবং ভারতীয় সংস্কৃতির সৌন্দর্য ও রূপের প্রতীক ‘ময়ূর’ থেকে অনুপ্রাণিত হয়ে এই চমৎকার ডিজাইনটি তৈরি করা হয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বসাধারণের সামনে উন্মোচনের আগেই গত ১২ অক্টোবর ‘ভারতময় ও বৃহত্তম স্বর্ণের কানের দুল’-এর জোড়া হিসেবে এই বিশ্বরেকর্ড আনুষ্ঠানিকভাবে অর্জন করে জয়লুক্কাস।
গালফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জয়লুক্কাস জুয়েলারির প্রধান নির্বাহী (সিইও) জন পল অলুক্কাস জানান, দুবাইয়ের সাথে তাদের দীর্ঘদিনের সম্পর্ক এবং শহরটির অসাধারণ অগ্রগতির কথা মাথায় রেখেই এই অভিনব ধারণাটি মাথায় আসে। তিনি বলেন, দুবাই সবসময়ই ‘স্বর্ণের শহর’ হিসেবে পরিচিত। এই সৃষ্টি সেই খ্যাতিকে আরও এক ধাপ বাড়িয়ে দিল।
জয়লুক্কাস গ্রুপের চেয়ারম্যান ড. জয় অলুক্কাস এই অর্জনকে দুবাই এবং এর কারিগরদের প্রতি উৎসর্গ করে বলেন, গত প্রায় চার দশক ধরে স্বর্ণের শহর দুবাইয়ের সাথে জয়লুক্কাস বড় হয়ে উঠেছে। এই কানের দুলগুলো আমাদের সেই শহরের প্রতি এবং যেসব কারিগর তাদের হাতের জাদুতে একটি অসম্ভব ধারণাকে স্বর্ণে রূপ দিয়েছেন, তাদের প্রতি এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য।
তিনি আরও যোগ করেন, একটিমাত্র সৃষ্টির মাধ্যমে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করা আমাদের পরিবার, ১৩টি দেশে ছড়িয়ে থাকা আমাদের টিম এবং দশক ধরে আমাদের বিশ্বাস করে আসা প্রতিটি গ্রাহকের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত।
যেখানে দেখা মিলবে এই ঝুমকার
রেকর্ড সৃষ্টিকারী এই বিশাল স্বর্ণের ঝুমকাগুলো বর্তমানে দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের ‘জুয়েল অফ জয় বাই জয়লুক্কাস’ শোরুমে সাধারণ দর্শনার্থীদের প্রদর্শনের জন্য স্থায়ীভাবে রাখা হয়েছে।


