...|...|...

সারাদেশ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হাফিজ উল্লাহর শপথ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৭ | আপডেট: ৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩০
Shares
লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হাফিজ উল্লাহর শপথ

ছবি: টাইমস টুুডে

দীর্ঘ ২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির পদে পরিবর্তন এসেছে। নতুন আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। শনিবার (৭ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তাকে শপথ পাঠ করান জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।

এ আর হাফিজ উল্লাহ এর আগে জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতের প্রার্থীও ছিলেন তিনি।

এর আগে ২৪ অক্টোবর ২০২৭-২০২৮ সেশনের জন্য রুকনদের ভোটে আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। বুধবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় জামায়াত নতুন আমির হিসেবে এ আর হাফিজ উল্লাহর নাম ঘোষণা করে। এর আগে দীর্ঘদিন জেলা আমিরের দায়িত্ব পালন করেন এসইউএম রুহুল আমিন ভূঁইয়া।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. রেজাউল করিম, সদ্যবিদায়ী আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ প্রমুখ।

মাওলানা এটিএম মাসুম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর সব মহানগরী ও জেলায় আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ জন্য দলের একটি স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে এবং কমিশনের বিধি অনুযায়ী সারা দেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। দেশের ৭৯টি সাংগঠনিক শাখার মধ্যে ৭৭টি শাখার আমির নির্বাচনের ফলাফল গত ৪ নভেম্বর ঘোষণা করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এখানকার পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২৭-২০২৮ কার্যকালের জন্য এ আর হাফিজ উল্লাহ আমির হিসেবে নির্বাচিত হয়েছেন।