ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় হঠাৎ বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। আকস্মিক আবহাওয়া পরিবর্তনের কারণে পরিস্থিতি মোকাবিলায় আবহাওয়া দফতর রেড অ্যালার্ট জারি করেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরের পর থেকেই দিল্লির আকাশ ঘন মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাস। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে শহরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
বৃষ্টির সময় জন্মাষ্টমীর উৎসবে অংশ নিতে বের হওয়া মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। উৎসবের সাজে বাইরে বের হওয়া অনেকেই হঠাৎ বৃষ্টিতে ভিজে যান। পরিস্থিতি খারাপ হওয়ায় অনেকে আশ্রয়ের জন্য নিরাপদ স্থানের খোঁজ করতে থাকেন।
প্রবল বৃষ্টিতে দিল্লির বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে যান চলাচলে ধীরগতি দেখা দেয় এবং বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রাজধানীর পালম ও নজফগড়সহ বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আগামী সময়েও দিল্লির বেশিরভাগ এলাকায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, টানা বৃষ্টিতে দিল্লির নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


