...|...|...

বিশ্ব

দাবানলে পুড়ল ৫৭০ একর এলাকা, সরানো হলো হাজারো মানুষ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১০:৪০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১০:৪২
Shares
দাবানলে পুড়ল ৫৭০ একর এলাকা, সরানো হলো হাজারো মানুষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে ছড়িয়ে পড়া দাবানলে পুড়ে গেছে ৫৭০ একর এলাকা। আগুনে সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। দাবানলের কারণে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় শনিবার রাতে সব স্থানান্তর নির্দেশ প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা  আনাদোলু জানায়, ‘নর্তে ফায়ার’ নামে পরিচিত দাবানলটির সূত্রপাত হয় শুক্রবার দুপুরে সান ক্লিমেন্টে এলাকায়। প্রবল বাতাস ও প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে প্রায় ৪ হাজার ৬০০টি বাড়ি এবং ১৬ হাজার মানুষকে স্থানান্তর এলাকার আওতায় আনা হয়।

অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত আগুনের প্রায় ২৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। স্থানান্তর নির্দেশ তুলে নেওয়ার পর সান ক্লিমেন্টের কিছু এলাকার বাসিন্দারা বাড়িতে ফেরার সুযোগ পান। একইভাবে সান হুয়ান ক্যাপিস্ট্রানো এলাকার বাসিন্দাদেরও ধীরে ধীরে নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়। তবে আগুন নেভাতে তখনো কাজ করছিলেন দমকলকর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির প্রধান টি জে ম্যাকগভার্ন জানান, আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে তীব্র বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দাবানলে কোনো বাসিন্দার আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দুই দমকলকর্মী আহত হয়েছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে তদন্ত চলছে।

উচ্চ তাপমাত্রা ও শক্তিশালী সান্তা আনা বাতাসের মধ্যে দাবানলটি ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টি এবং অ্যান্টিলোপ ভ্যালির পাদদেশীয় এলাকায় শনিবার রাত পর্যন্ত ‘রেড ফ্ল্যাগ’ সতর্কতা জারি ছিল। এ ধরনের সতর্কতা সাধারণত এমন আবহাওয়ার ক্ষেত্রে দেওয়া হয়, যখন আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি থাকে।

এদিকে, একই অঞ্চলে আরেকটি বড় দাবানল মোকাবিলা করতে হচ্ছে অগ্নিনির্বাপকদের। সান দিয়েগো কাউন্টির ক্যাম্প পেন্ডলটনে ছড়িয়ে পড়া ‘হেন্ডারসন ফায়ার’ নামের আগুনে ২ হাজার ৭৯ একর জমি পুড়ে গেছে। নর্তে ফায়ার থেকে প্রায় ২০ মাইল বা ৩২ কিলোমিটার দক্ষিণে এই দাবানলের অবস্থান।

কর্মকর্তারা জানান, নর্তে ফায়ার নিয়ন্ত্রণে শুক্রবার প্রায় ৪০০ দমকলকর্মী কাজ করছিলেন। পরে এ প্রচেষ্টায় আরও ৪০০ কর্মী যুক্ত হওয়ার কথা ছিল। আগুনের বিস্তার ঠেকানো এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নিরাপদ করার চেষ্টা অব্যাহত রেখেছেন তাঁরা।