দক্ষিণ আফ্রিকায় বর্ণভিত্তিক বৈষম্য, ক্ষতিপূরণ ছাড়াই জমি দখল এবং সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার সাথে জড়িত বিদেশি নাগরিকদের লক্ষ্য করে নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। খবর আনাদোলু এজেন্সির।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণা দেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার আফ্রিকানদের (আফ্রিকানার বা ডাচ বংশোদ্ভূত শ্বেতাঙ্গ সংখ্যালঘু) বিরুদ্ধে জাতিগত ক্ষোভের এক অবসেসিভ বা অন্ধ অনুসরণের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে এবং জনগণের আস্থায় ব্যর্থ হচ্ছে।
তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকা সরকার গ্রামীণ অপরাধ, সহিংস ও অবমাননাকর বক্তব্য এবং আফ্রিকানারসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে বর্ণভিত্তিক বৈষম্যমূলক নীতিগুলো যথাযথভাবে মোকাবিলা করতে ক্রমাগত ব্যর্থ হয়েছে।
মার্কো রুবিও ঘোষণা দিয়ে বলেন, আজ আমি এমন সব বিদেশি নাগরিকদের লক্ষ্য করে একটি নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করছি, যারা দক্ষিণ আফ্রিকায় বর্ণভিত্তিক বৈষম্যমূলক নীতি প্রণয়ন বা বাস্তবায়ন করেন, সহিংসতা উসকে দেন কিংবা ক্ষতিপূরণ ছাড়া জমি বাজেয়াপ্ত করার সাথে যুক্ত। তিনি যোগ করেন, এই অন্যায় ও অবিচারের সাথে যারা জড়িত, যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের কোনো স্থান নেই।


