...|...|...

সারাদেশ

তালতলীর উপকূলে ট্রলারডুবি: সাঁতরে প্রাণে বাঁচলেন ১১ জেলে, নিখোঁজ ২

তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৪৬
Shares
তালতলীর উপকূলে ট্রলারডুবি: সাঁতরে প্রাণে বাঁচলেন ১১ জেলে, নিখোঁজ ২

ছবি: টাইমস টুডে

কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উত্তাল জলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথেই প্রমত্ত ঢেউয়ের আঘাতে তলিয়ে গেছে ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের একটি মাছ ধরার ট্রলার।

ঘটনার আকস্মিকতায় ১৩ জেলের মধ্যে ১১ জন অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরলেও, এখনো হদিস মেলেনি দুই জেলের।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার পুরো বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

 বরগুনার তালতলী উপজেলার সওদাগর পাড়ার আল-আমীন ও গোলাম রাব্বির যৌথ মালিকানাধীন ‘এফবি জান্নাত-জুনায়েদ’। গত শনিবার মহিপুর মৎস্য অবতরন কেন্দ্র থেকে ১৩ জন জেলে নিয়ে সাগরে গিয়েছিল।

 তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মো. রাকিব (১৯) এবং নিশানবাড়িয়া ইউনিয়নের মো. নবী হোসেন (৪৫)। কেবিনে আটকা পড়ায় তাঁরা সাঁতরে বের হতে পারেননি।

 ১১ জন জীবিত উদ্ধার হওয়া জেলের মধ্যে ৬ জন তালতলীর, ৪ জন পটুয়াখালীর কলাপাড়ার এবং ১ জন খুলনার বাসিন্দা। অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।

 ইউএনও অতীশ সরকার জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

ট্রলারের মালিক ও উদ্ধার হওয়া জেলে মো. আল-আমিন বলেন, ‘হঠাৎ করেই বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। আমরা ১১ জন সাঁতরে বের হতে পারলেও কেবিনের ভেতরে দুইজন আটকা পড়েছিলেন। তবে সাগর উত্তাল থাকায় তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।’