...|...|...

বরিশাল

উত্তাল সাগরে ডুবে যাওয়া সেই মাছ ধরার ট্রলার উদ্ধার

তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৩৪
Shares
উত্তাল সাগরে ডুবে যাওয়া সেই মাছ ধরার ট্রলার উদ্ধার

বরগুনার তালতলীতে উত্তাল বঙ্গোপসাগরের প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ডুবে যাওয়া মাছ ধরার সেই ট্রলারটি সফলভাবে উদ্ধার করা হয়েছে। এর আগে ট্রলারটিতে থাকা ১৪ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ট্রলারটি সাগরেই আটকে ছিল।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে স্থানীয় জেলে ও অন্য ট্রলারের সহায়তায় ‘এফবি মায়ের দোয়া’ নামের ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে নিরাপদে ঘাটে ফিরিয়ে আনা হয়।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে তালতলীর ফকিরহাট এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। তালতলী উপজেলার নিদ্রা এলাকার জাফর মাঝির মালিকানাধীন ট্রলারটি ১৪ জন জেলে নিয়ে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে চরের সাথে ধাক্কা খেয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে উল্টে যায়।

এ সময় পাশের ‘সেলিম মাঝি’র মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় সাগরে ভাসমান অবস্থায় থাকা ১৪ জেলেকে অক্ষত উদ্ধার করা হয়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ফকিরহাট মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী জানান, সাগরে আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় উদ্ধারকারী ও স্থানীয় ট্রলারের যৌথ প্রচেষ্টায় ডুবে যাওয়া ট্রলারটিকে সফলভাবে উদ্ধার করে আজ দুপুরে তীরে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে ট্রলারটি ঘাটে নোঙর করা আছে এবং এর ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।