বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে দেখছেন। একই সাথে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির জানান, সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর মধ্যে ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব এবং লন্ডনের মেয়র রয়েছেন।
এ ছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, কর্মসংস্থান, বিমান যোগাযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে ওআইসির মহাসচিবের সাথে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের সমর্থন এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে আশ্বাস দিয়েছেন তারেক রহমান। চীনের ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠকে জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর এবং রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, সেখানে দুই দেশের সম্পর্ক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনাও উঠে এসেছে।
এদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কপ৩১-এর একটি সাইড ইভেন্টে অংশ নিয়ে বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের বিষয়ে বাংলাদেশের উদ্যোগ এবং প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবার কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের অগ্রাধিকার তুলে ধরবেন।


