...|...|...

রাজনীতি

ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, বিকেল ৫:৫০ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬, রাত ২:১১
Shares
ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় হলের সিট দখলকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল থেকেই ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরের পর একপর্যায়ে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

ছাত্রশিবিরের অভিযোগ, হলের সিট অবৈধভাবে দখলের প্রতিবাদ করায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, ছাত্রশিবির পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ থেমে গেলেও ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এর আগে একই দিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।