...|...|...

বিশ্ব

ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, রাত ১০:০৬
Shares
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প খাতের সক্ষমতা আরও বাড়িয়ে তুলতে এবং অস্ত্র উৎপাদন জোরদার করতে বড় ধরনের আর্থিক সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ-এর ৯০ বিলিয়ন ইউরোর ‘ইউক্রেন সাপোর্ট লোন’ প্যাকেজের প্রতিরক্ষা খাতের অংশ থেকে ১ দশমিক ২৪ বিলিয়ন ইউরো (প্রায় ১৩৮ কোটি মার্কিন ডলার) ইউক্রেনকে দিয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ইউরোপীয় কমিশনের প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, এই তহবিলটি ইউক্রেনীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোর উৎপাদিত ড্রোন, ড্রোন ইন্টারসেপ্টর, ড্রোন গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র ক্রয়ের কাজে ব্যবহার করা হবে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এ বিষয়ে বলেন, রাশিয়া ইউক্রেনীয়দের দৈনন্দিন জীবনকে অসহনীয় করে তোলার জন্য তাদের ইচ্ছাকৃত সন্ত্রাসের কৌশল অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ‘ইউক্রেন সাপোর্ট লোন’ প্যাকেজের আওতায় ২০২৬ ও ২০২৭ সাল জুড়ে প্রতিরক্ষা খাতের জন্য ৬০ বিলিয়ন ইউরো এবং বাজেট সহায়তার জন্য ৩০ বিলিয়ন ইউরো বরাদ্দ রাখা হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প সক্ষমতাকে আরও সুদৃঢ় করতে একা ২০২৬ সালেই ২৮ দশমিক ৩ বিলিয়ন ইউরো ছাড় করার পরিকল্পনা রয়েছে ইইউ-এর। এছাড়া আগামী সপ্তাহগুলোতে প্রতিরক্ষা খাতের আওতায় আরও অর্থ পরিশোধ করা হবে বলে আশা করা হচ্ছে।

যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের পাশে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য রাষ্ট্রগুলো। এ পর্যন্ত ফ্রিজ বা জব্দকৃত রুশ সম্পদের লভ্যাংশ থেকে প্রাপ্ত ৩ দশমিক ৮ বিলিয়ন ইউরোসহ মোট ২২৮ দশমিক ৭ বিলিয়ন ইউরো সামগ্রিক সহায়তা ইউক্রেনকে প্রদান করেছে ইইউ।

চলতি ২০২৬ সালের বাকি সময়টার জন্য ইউক্রেনের অনুকূলে আরও ৩২ দশমিক ৫ বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা ব্যবহারের সুযোগ রয়েছে।