সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে যাদুকাটা নদীর পথে চলন্ত হাউসবোট থেকে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ হয়েছে ১০ বছর বয়সী এক শিশু পর্যটক।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহাতাবুর থেকে দক্ষিণকুল খেয়াঘাট সংলগ্ন বৌলাই নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু রুকাইয়া নুর (১০) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা চিকিৎসক শাহনুর রহমানের মেয়ে।
জানা যায়, প্রায় ২০ সদস্যের একটি পর্যটক দল ‘সাইফান এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসে। তারা টাঙ্গুয়ার হাওর ও শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক) ঘুরে যাদুকাটা নদী, বারেক টিলা ও শিমুল বাগান দেখার উদ্দেশ্যে রওনা হন। পথে দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে যায় রুকাইয়া নুর।
শিশুটি নদীতে পড়ে যাওয়ার পর হাউসবোটে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনকে খবর দেওয়া হলে তারা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত বৌলাই নদীতে ব্যাপক তল্লাশি চালানো হলেও নিখোঁজ শিশু রুকাইয়া নুরের কোনো সন্ধান পাওয়া যায়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পর বিকেল সাড়ে ৩টা থেকেই পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় এলাকাবাসী যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ শিশু রুকাইয়া নুরকে উদ্ধার করা সম্ভব হয়নি।’


