...|...|...

সারাদেশ

টাঙ্গাইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৬
Shares
টাঙ্গাইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

টাঙ্গাইলের নাগরপুরে শ্বশুরবাড়িতে গিয়ে নিলুফা আক্তার মিলু (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হযরত আলীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর নিজের গলায় ও পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ সময় শাশুড়ি এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন হযরত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের বাদে কাকনা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ জানায়, প্রায় ছয় বছর আগে ধুবড়িয়া গ্রামের দহর পাচুরিয়া গ্রামের হযরত আলীর সাথে পার্শ্ববর্তী বাদে কাকনা গ্রামের নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে এক সপ্তাহ আগে নিলুফা হযরতকে তালাক দেন।

তালাকের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে বুধবার রাত ৮টার দিকে ধারালো অস্ত্র নিয়ে শ্বশুরবাড়িতে যান হযরত। সেখানে স্ত্রী নিলুফাকে দেখতে পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিলুফার মৃত্যু হয়।

এ সময় নিলুফার মা চেনবানু মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন হযরত। পরে নিজের হাতে থাকা ছুরি দিয়ে পেটে ও গলায় ছুরিকাঘাত করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হযরত আলী ও চেনবানুকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে নাগরপুর থানার ওসি জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ঘাতক স্বামী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।