টাঙ্গাইলে ২০ ঘণ্টা ব্যবধানে পৃথকস্থানে সাবেক ইউপি সদস্যসহ দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুন এলাকার পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্য সুরমান রেজাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে গতকাল রাতে টাঙ্গাইলের কালিহাতীতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাচাকে কুপিয়ে হত্যা করে ভাতিজা।
নিহত সুরমান রেজা ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে ও গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।
ছুরমান রেজার ভাই হালিম রেজা জানান, তিনি ব্যবসার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। আজ দুপুরে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মূল রহস্য জানা যাবে।
এর আগে গতকাল রাতে টাঙ্গাইলের কালিহাতীর দুর্গাপুর ইউনিয়নের চরহামজানি এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে শহীদুল ইসলাম মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তার ফুফাতো ভাই মৃত আমজাদ আলীর ছেলে ইউসুফ আলী ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


