টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নববধূকে ঘরে তোলার রাতেই তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আয়নাল হক ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, আয়নাল হক টাঙ্গাইল শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। পাশাপাশি ছোটখাটো ব্যবসাও করতেন তিনি। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার ছিল। তবে গত জুলাই মাসে তার প্রথম স্ত্রী দুই সন্তানকে রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে তার এক বন্ধুর সাথে চলে যান। এরপর থেকে দুই সন্তানকে লালন-পালন নিয়ে হতাশায় ভুগছিলেন আয়নাল।
পরিবারের সদস্যদের অনুরোধ ও সম্মতিতে বুধবার রাতে পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে (২০) দ্বিতীয় বিয়ে করেন আয়নাল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে নববধূকে নিয়ে নিজ গ্রামে বাবার বাড়িতে ফেরেন তিনি।
এরপর বাসর ঘরের আনুষ্ঠানিকতার মধ্যেই গভীর রাতে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন আয়নাল। তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তিনি মারা যান।
হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বলেন, বিয়ে সম্পন্ন হওয়ার পর নববধূকে ঘরে তোলার রাতেই এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি বা লিখিতভাবে কিছু জানাননি। যতটুকু তথ্য পেয়েছি, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই ব্যক্তি স্বাভাবিকভাবেই মারা গেছেন।


