...|...|...

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৪ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৮
Shares
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় আরও দুজন মারা গেছেন।

একই সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩ জন, রাজশাহী বিভাগে ২০৬ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ)মারা গেছেন ১৩২ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ৫৯ জন, বরিশালে ২৫ জন, চট্টগ্রামে ২৫ জন, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজন ডেঙ্গুতে মারা গেছেন।

চলতি বছর ডেঙ্গুর প্রকোপ সাম্প্রতিক মাসগুলোতে আরও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আগস্টে সারা দেশে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বর মাসে প্রাণহানি বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে।

আর অক্টোবরের প্রথম আট দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ৪৯ জন। ফলে চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।