আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অধিনায়ক নাহিদা আক্তারের নেতৃত্বে ঘোষিত দলে রাখা হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতিকেও।
আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে আজ টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
নিগার সুলতানা জ্যোতি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় নতুন দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। দলের সহ-অধিনায়ক করা হয়েছে সোবহানা মোস্তারীকে।
১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আজমানে শুরু হবে ১০ দলের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও গত আসরের চ্যাম্পিয়ন থাইল্যান্ড।
বাংলাদেশ স্কোয়াড: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানী।


