দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা।
শুক্রবার (১৯ জুন) সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ। এ সময় জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুতফর রহমান।
প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় নারী ও পুরুষ বিভাগে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের চারজন করে মোট আটজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এ আয়োজনের সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা।
ক্রীড়া প্রতিযোগিতা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সুনাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখা সম্ভব। তাই জাতীয় বিশ্ববিদ্যালয় খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, বর্তমান সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
আগামী রবিবার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই আয়োজন।


