...|...|...

বিশ্ব

জাতিসংঘে স্থায়ী সদস্যপদ পেতে ভারতের দাবিতে রাশিয়ার সমর্থন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৪
Shares
জাতিসংঘে স্থায়ী সদস্যপদ পেতে ভারতের দাবিতে রাশিয়ার সমর্থন

ছবি: সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবির পক্ষে জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে মস্কো। একই সাথে জাতিসংঘের এই শীর্ষ সংস্থায় পশ্চিমা দেশগুলোর প্রভাব বিস্তারের প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ ঘোষণা দেন। বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার বিষয়ে ব্রিকস জোটের দীর্ঘদিনের অবস্থানের সাথে সাথেই এই উচ্চপর্যায়ের সমর্থন জানাল রাশিয়া।

এসময় এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে লাভরভ বলেন, আমরা এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ব্রাজিল ও ভারতের প্রার্থিতাকে আমরা সম্পূর্ণ সমর্থন জানাই।

জার্মানি ও জাপানের কঠোর সমালোচনা

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভাষণে পশ্চিমা দেশগুলোকে বাড়তি আসন বরাদ্দের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন লাভরভ। বিশেষভাবে জার্মানি ও জাপানের নাম উল্লেখ করে তিনি দাবি করেন যে, এই দেশ দুটি বর্তমানে সামরিকতাবাদ এবং উগ্র জাতীয়তাবাদ বা প্রতিশোধের পথে হাঁটছে।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার প্রক্রিয়ায় পশ্চিমা দেশগুলোকে, বিশেষ করে জার্মানি ও জাপানকে কোনো অতিরিক্ত আসন দেওয়া যাবে না। তবে তিনি এও সতর্ক করে দেন যে, নিরাপত্তা পরিষদের যেকোনো আধুনিকায়নে যেন বর্তমান স্থায়ী সদস্যদের মূল ভেটো ক্ষমতা বা বিশেষাধিকারগুলো খর্ব করা না হয়।

এদিকে, শুধু রাশিয়ার পাশাপাশি ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো কণ্ঠস্বর তুলেছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মরিশাসও। জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভারতের দাবির প্রতি খোলাখুলি সমর্থন জানান। তিনি বলেন, আমরা কাউন্সিল সংস্কারে জি৪ এবং এল৬৯-এর অবস্থানকে সমর্থন করি। বৈশ্বিক পরিসরে ভারতের গঠনমূলক ভূমিকার সাথে সামঞ্জস্য রেখে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আমরা তাদের প্রার্থিতাকে আবারও সমর্থন জানাচ্ছি।

উল্লেখ্য, ১৫ সদস্যবিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঁচটি দেশ—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা নিয়ে স্থায়ী সদস্য হিসেবে রয়েছে। এছাড়া দুই বছরের মেয়াদে নির্বাচিত ১০টি অস্থায়ী সদস্য দেশও এতে অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘের সনদ পরিবর্তন করতে হলে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোট এবং পাঁচ স্থায়ী সদস্যসহ দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হয়।

রাশিয়া ভারতের পক্ষে জোরালো অবস্থান ধরে রাখলেও, নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়টি এখনও দীর্ঘমেয়াদী অচলাবস্থার মধ্যে রয়েছে। পরিষদের অন্যান্য স্থায়ী সদস্যদের দৃষ্টিভঙ্গি মিশ্র এবং রাশিয়ার ঘনিষ্ট কৌশলগত মিত্র চীন সরাসরি ভারতের এই স্থায়ী সদস্যপদের তীব্র বিরোধিতা করে আসছে।