...|...|...

বিশ্ব

জর্ডানে মার্কিন দুই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, সকাল ৮:৫৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:০৯
Shares
জর্ডানে মার্কিন দুই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ছবি: সংগৃহীত

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার পর জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘আগ্রাসনের শাস্তি’ নামে পরিচালিত অভিযানে কিং হুসেইন ও আল আজরাক মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়।

রবিবার (৩০ আগস্ট) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হামলায় মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের স্থান, প্রযুক্তিগত অবকাঠামো ও মেরামত সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কোনো ঘাঁটিতে হতাহতের খবর পাওয়া যায়নি।

লারাক দ্বীপে মার্কিন হামলার পরই প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। 

আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার যেকোনো প্রচেষ্টার জবাব আরও বিধ্বংসীভাবে দেওয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, হরমুজ প্রণালিতে ইরানকে মাইন স্থাপন থেকে বিরত রাখতে তারা ‘সীমিত ও সুনির্দিষ্ট পদক্ষেপ’ নিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের ভাষ্য, এসব পদক্ষেপ আগ্রাসী কার্যকলাপ নয়।

এর আগে একই ধরনের মার্কিন হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক সংঘাতের মধ্যে ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারেরও বার্তা দিয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহনের মার্কিন দাবিকে নাকচ করেছেন। তাঁর দাবি, জ্বালানি বাজারে প্রভাব বিস্তারে বিভিন্ন পক্ষ প্রচেষ্টা চালাচ্ছে।