...|...|...

বিশ্ব

চীনের সামরিক বাহিনী থেকে দুই শীর্ষ জেনারেলকে বহিষ্কার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০২
Shares
চীনের সামরিক বাহিনী থেকে দুই শীর্ষ জেনারেলকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

মারাত্মক শৃঙ্খলাভঙ্গ ও আইনের লংঘন করার অভিযোগে চীনের কমিউনিস্ট পার্টি ও সামরিক বাহিনী থেকে চাং ইউয়ালিয়া এবং লিউ জেনলি—এই দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে সুপ্রিম কমান্ড বডি বা সেন্ট্রাল মিলিটারী কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় শীর্ষ অবস্থানে ছিলেন চাং ইউয়ালিয়া এবং তাকে দীর্ঘকাল ধরে শি-এর সবচেয়ে ঘনিষ্ট সামরিক মিত্র হিসেবে বিবেচনা করা হতো। অন্যদিকে লিউ ছিলেন সিএমসির একজন সদস্য এবং এর জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের চিফ অব স্টাফ।

২০১২ সালে শি জিনপিং কর্তৃক নির্দেশিত ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে আসছে দেশটির সামরিক বাহিনী।

রয়টার্সের তথ্যমতে, চাং ও লিউয়ের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেওয়া হয়েছিল গত জানুয়ারি মাসে এবং গত আগস্টের শেষের দিকে এই জুটিকে রাষ্ট্রীয় সেন্ট্রাল মিলিটারি কমিশন থেকে অপসারণ করা হয়।

চীনা নেতৃত্ব চাং ও লিউয়ের বিরুদ্ধে অবিশ্বস্ততা, দুর্নীতি, দায়িত্বে অবহেলা এবং অন্যান্য গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে। সিনহুয়ার উদ্ধৃত সরকারি নথিতে বলা হয়েছে যে এই জুটি ‘রাজনৈতিক শৃঙ্খলা ও রাজনৈতিক নিয়ম মারাত্মকভাবে লঙ্ঘন করেছে, উপদল ও কোন্দল তৈরি করেছে এবং দলের প্রতি অবিশ্বস্ত ও অসৎ ছিল।’

নথিতে আরও বলা হয়েছে যে চাং এবং লিউ ‘লাল রেখা এবং মৌলিক সীমা অতিক্রম করেছেন’, এবং তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অনিয়মগুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, যেখানে দুর্নীতির মাধ্যমে আত্মস্বার্থ হাসিলের পাশাপাশি দায়িত্ব অবহেলা ও ক্ষমতার অপব্যবহার একসাথে সহাবস্থান করেছিল। এতে আরও বলা হয়, জড়িত অর্থের পরিমাণ ছিল ব্যতিক্রমীভাবে বিশাল; প্রকৃতি ছিল অত্যন্ত গুরুতর এবং এর প্রভাব ছিল চরম মাত্রায় আপত্তিকর।

এদিকে, চাং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভিজাত পলিটব্যুরোরও একজন সদস্য ছিলেন এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা থাকা মাত্র কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে তিনি একজন।