...|...|...

সারাদেশ

চাটমোহরে পুকুরে নেমে প্রাণ গেল ২ শিশুর

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫১
Shares
চাটমোহরে পুকুরে নেমে প্রাণ গেল ২ শিশুর

পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে একই সাথে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো-ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)। একই সাথে দুই শিশুর করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা জানান, শনিবার দুপুর ৩টার দিকে আটলংকা দক্ষিণ সেনগ্রামে জনু মেম্বর নামের এক ব্যক্তির পুকুরে গোসল করতে নামে প্রতিবেশী ও সমবয়সী দুই শিশু হুজাইফা ও মাহফুজ। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়।

দীর্ঘসময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর ওই দুই শিশুকে পানিতে ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি খুবই কষ্টদায়ক। অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন।