অবৈধ টোল আদায় ও চাঁদাবাজির অভিযোগে মেহেরপুর শহরের বড়বাজারের কাঁচাবাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে সব দোকানপাট বন্ধ রেখে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তারা।
ব্যবসায়ীদের এমন কর্মসূচির কারণে বাজারের স্বাভাবিক বেচাকেনা বন্ধ হয়ে যায়। ফলে প্রয়োজনীয় পণ্য কিনতে এসে খালি হাতে ফিরে যেতে হয় অনেক ক্রেতাকে।
ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত খাজনার পরিবর্তে ইজারাদাররা অতিরিক্ত টাকা আদায় করছেন। পাশাপাশি বিভিন্নভাবে চাঁদা দাবি ও হয়রানির শিকার হচ্ছেন তারা। এসব বিষয়ে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, বড়বাজারের শত শত কাঁচাবাজার ব্যবসায়ী দোকান বন্ধ রেখে সড়কে অবস্থান করছেন। এ সময় তারা অতিরিক্ত টোল ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ব্যবসায়ীরা দাবি করেন, ক্ষমতার প্রভাব ব্যবহার করে ইজারাদাররা তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন, যা ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে।
এদিকে শহরের অন্যতম বড় বাজার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। দ্রুত বিষয়টির সমাধান করে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


