মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাত আটটার দিকে স্মৃতিস্তম্ভের পিছন থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলো, মেহেরপুর শহরের গোরস্তান পাড়ার ইয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম আকাশ (২৪) ও শিশুবাগান পাড়ার বাবু বিশ্বাসের ছেলে আলী কদর শাওন (১৯)।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জামিনুর রহমান খান জানান, শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে টহলরত অবস্থায় ছিল ডিবি ও সদর থানা পুলিশের একটি দল৷ রাত আটটার দিকে কলেজের বাউন্ডারি টপকিয়ে পেছন দিক থেকে প্রবেশ করে স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী আকাশ ও শাওন৷
আগুন জ্বালিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে দেওয়ার চেষ্টা চালায় তারা। এ সময় পুলিশের টহলরত ওই দলটি তাদের ধাওয়া করে৷ এক পর্যায়ে দুজনকে আটক করতে সক্ষম হন।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান। তাদের নামে মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।


