চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণের ভোগান্তি দীর্ঘদিনের। বিশেষ করে ছাত্রী হলগুলোতে খাবার সংরক্ষণের পর্যাপ্ত সুবিধা না থাকায় সমস্যায় পড়তে হয় আবাসিক শিক্ষার্থীদের। এ সমস্যা সমাধানে ছাত্রীদের দাবির বিষয়টি চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে অবহিত করেন এবং তার সহযোগিতা কামনা করেন।
বিষয়টি জানতে পেরে প্রতিমন্ত্রী মীর হেলাল তাৎক্ষণিকভাবে চবির পাঁচটি ছাত্রী হলের জন্য ৫ টি উন্নতমানের ডিপ ফ্রিজ দেওয়ার ব্যবস্থা করেন। ডিপ ফ্রিজগুলো বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক তা প্রতিটি ছাত্রী হলে হস্তান্তর করেন।
ডিপ ফ্রিজগুলো বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণসহ প্রয়োজনীয় বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। এতে ছাত্রীদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরবে এবং খাবার সংরক্ষণের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘দীর্ঘদিন ধরে ছাত্রী হলগুলোতে খাবার সংরক্ষণ নিয়ে নারী শিক্ষার্থীদের ভোগান্তি ছিল। শিক্ষার্থীদের দাবির প্রতি দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।’


