...|...|...

সারাদেশ

ঘুরতে আসা জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা কে নিয়েছে, মিলল ফুটেজ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩০
Shares
ঘুরতে আসা জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা কে নিয়েছে, মিলল ফুটেজ

ঘুরতে আসা জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা কে নিয়েছে, মিলল ফুটেজ। ছবি: টাইমস টুডে

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে তার ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে চলে যেতে দেখা গেছে। ফুটেজে দেখা ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতার করে চুরি যাওয়া মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশের বিভিন্ন ইউনিট।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টাও চলছে।

ঘটনাটি ঘটে গত বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। এ সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে নিজের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে যান তিনি। টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগের কোনো খোঁজ পাননি। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মী নন।

এরপর ঘটনাটি জানাতে নাটোর সদর থানায় যান ক্রিল ল্যান্ডার। সেখান থেকে তাকে রাজশাহীতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। চুরি যাওয়া মালামাল উদ্ধারের আশায় বুধবার দিবাগত রাত ১১টার দিকে তিনি রাজশাহীতে পৌঁছান। ওই রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পুলিশ।

পরদিন বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় অবস্থান করেন। তবে এ সময়ের মধ্যে তার ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বৃহস্পতিবার বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

হোয়াটসঅ্যাপ বার্তায় ক্রিল ল্যান্ডার জানান, ল্যাপটপ উদ্ধারের জন্য আপাতত সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে শনাক্ত করা অথবা ল্যাপটপটি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া তার হাতে তেমন কোনো উপায় নেই। তবে তিনি আশা করছেন, শিগগিরই ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হবে।

তিনি আরও জানান, পুলিশ নিয়মিত তার সাথে যোগাযোগ রাখছে এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাচ্ছে। এতে তার মনে হয়েছে, পুলিশ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছে। বগুড়া থেকে নাটোর পর্যন্ত বিভিন্ন রেলস্টেশনে কর্মরত ব্যক্তিদের শনাক্ত করে অনুসন্ধান চালালে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।