...|...|...

সারাদেশ

গড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০০
Shares
গড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

ছবি: টাইমস টুডে

খাগড়াছড়ির গুইমারায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা তা নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তেই আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে গুইমারা থানা-পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে, একই দিন ভোররাতে খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া এলাকায় একটি চাঁদের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া খাগড়াছড়ি-দীঘিনালা ও খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের দুটি স্থানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার এসব ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের দায়ী করেছেন।