কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে রাজনৈতিকভাবে আলোচিত এই নেতার বাসভবন ও কার্যালয়ে টানা তৃতীয়বারের মতো ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ে এবং মুন্সেফবাড়িতে অবস্থিত সাবেক সংসদ সদস্যের বাড়ির নিচতলার ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান। এ সময় গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা। একপর্যায়ে কার্যালয়ের সামনে আগুন জ্বালানো হয়।
অপর একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিছিল নিয়ে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে যান। সেখানে একই ঘটনার প্রতিবাদে স্লোগান দেওয়ার পর বাড়ির নিচতলায় বাহারের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে কার্যালয়ের সামনে কাগজ ও কাঠে পেট্রোল ঢেলেও আগুন দেওয়া হয়।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন বলেন, গোপালগঞ্জে থানায় হামলা এবং তাদের দলের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
রামঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ক্ষুব্ধ নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে সেখানে গিয়েছিলেন। দীর্ঘদিনের ক্ষোভ থেকে কিছু উত্তেজিত কর্মী টায়ার ও কাগজে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির উদ্দেশ্য তাদের ছিল না। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নগরের রামঘাট এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় মালামাল লুটের ঘটনাও ঘটে। এরপর থেকে নৈশপ্রহরী ছাড়া পরিবারের কেউ সেখানে অবস্থান করতেন না।
এরপর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে আবারও বাহারের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালিয়ে কয়েকটি কক্ষ ও ভবনের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুরের চেষ্টা করা হয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনের ইটের গাঁথুনি ভেঙে ফেলেন।
জানা গেছে, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনাসহ পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।


