...|...|...

অর্থনীতি

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং অচল, গ্রাহকদের যে বার্তা দেওয়া হচ্ছে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ১১:০৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, রাত ১১:১২
Shares
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং অচল, গ্রাহকদের যে বার্তা দেওয়া হচ্ছে

বিকাশ, নগদ ও রকেটের লোগো।

গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক আর্থিক লেনদেনে সমস্যায় পড়েছেন। টাকা পাঠানো, গ্রহণ ও ক্যাশ আউট করতে পারছেন না তারা। অনেকের হিসাব সাময়িকভাবে বন্ধ রাখার বার্তা পাঠানো হচ্ছে। এতে নিজেদের হিসাবে টাকা থাকলেও প্রয়োজনের সময় তা ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে ৯৭টি হিসাব বন্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর বাইরেও আরও অনেক হিসাব সাময়িকভাবে বন্ধ করার অভিযোগ উঠেছে।

এদিকে নিরাপত্তা ঝুঁকির কারণে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কর্মীরা এজেন্টদের কাছে টাকা পাঠাতে পারছেন না। এতে এজেন্টদের কাছে নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। ফলে দৈনন্দিন কেনাকাটা ও ব্যবসায়িক লেনদেনে ভোগান্তি বেড়েছে।

ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা

বিকাশের পক্ষ থেকে গ্রাহকদের মোবাইল ফোনে পাঠানো বার্তায় বলা হচ্ছে, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’

কবে নাগাদ এসব হিসাব সচল হবে, সে বিষয়ে সুস্পষ্ট তথ্য না পাওয়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

যা বলছে বিকাশ ও নগদ

নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছে বিকাশ। প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, এমএফএস বিধিমালা অনুযায়ী সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত ও যাচাই শেষে এসব হিসাব চালু করা হবে, নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

নগদের মুখপাত্র সজল জাহিদ বলেন, নগদ কোনো এলাকার সেবা বন্ধ করেনি। এমএফএস প্রযুক্তিতে জিওগ্রাফিক্যাল লোকেশনের সেবা বন্ধ করা সম্ভব নয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে সন্দেহজনক লেনদেনের তথ্য গেলে নিয়মিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হিসাবের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

কী বলছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, সন্দেহজনক লেনদেনের পরিপ্রেক্ষিতেই গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতটি হিসাব বন্ধ করা হয়েছে, সে বিষয়ে আগামী রবিবার বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।