জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধিতার অভিযোগ থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উচ্চতর স্কেলের গ্রেড-২-এ পদোন্নতি পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেলের গ্রেড-১ ও গ্রেড-২ প্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। এতে গ্রেড-১-এ পদোন্নতি পেয়েছেন দুজন এবং গ্রেড-২-এ পদোন্নতি পেয়েছেন ১৪ জন অধ্যাপক। গ্রেড-২-এ উন্নীত শিক্ষকদের মধ্যে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর হোসেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়ার জেরে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবীকে ১৯ জুলাই গোয়েন্দা পুলিশ (ডিবি) দিয়ে গ্রেফতার করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়া আন্দোলন চলাকালে ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল নিয়ে কেন্দ্রীয় কর্মসূচিতে যোগদানে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষক হিসেবে তিনি পরিচিত ছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার অভিযোগ থাকা এই শিক্ষকের পদোন্নতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, গণ-অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অভিযোগগুলোর সুষ্ঠু নিষ্পত্তি ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত না করে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা। একই সাথে অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য ও অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেফতারের ঘটনায় প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা আমরা ভুলিনি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রশাসন তার সাথে সমঝোতা করলেও আমরা তাকে ছাড় দেব না। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জবি শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, আওয়ামী লীগের দোসরদের এমন পদোন্নতি হয়ে থাকলে তা আমাদের জন্য হৃদয়ের রক্তক্ষরণের মতো। জুলাইয়ে যারা গাদ্দারি করেছে, শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে এবং সহযোগিতা করেছে, তাদের বিষয়ে ছাত্রদলের অবস্থান জিরো টলারেন্স।
বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই ছাত্রনেতা।
জকসুর জিএস ও জবি শাখা শিবিরের সভাপতি আরিফ বলেন, তিনি প্রক্টর থাকাকালে জুলাই আন্দোলনের সময় ক্যাম্পাসের সামনে থেকেই সমন্বয়ক নূর নবীকে গ্রেফতার করে গুম করা হয়। তখন তিনি বলেছিলেন, “আমার কিছু করার নাই।” তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা দেননি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন লীগবিরোধী কর্মসূচি পালন করছে। কিন্তু বাস্তবে এই প্রশাসনের আমলেই আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট সাবেক প্রক্টর জাহাঙ্গীর হোসেনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে বক্তব্য জানতে জবি উপাচার্যের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


