...|...|...

ক্যাম্পাস

জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ১১:০৯
Shares
জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ। ছবি: টাইমস টুডে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সেনাসদস্যের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় মহাসড়কে অবস্থান নিয়ে তারা অবরোধ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আওরঙ্গজেব রমজান আহত হন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বুধবার বিকেলে তিনি অটোরিকশায় করে বিশমাইল হয়ে টিউশনে যাচ্ছিলেন। এ সময় এক সেনাসদস্য তার অটোরিকশা আটকান এবং লাঠি দিয়ে আঘাত করেন। কেন মারছেন, জানতে চাইলে তার হাত ধরে একটি ছোট কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লাথি মারার পাশাপাশি বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার কাজ চলছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে এবং বিষয়টি সমাধানে একটি টিম কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা দ্রুত নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। বিষয়টি জানার পর উপাচার্য নিজেই দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি পাঠিয়েছেন।’

অবরোধকারী শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত সেনাসদস্যকে শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।