...|...|...

বিশ্ব

গাজায় ৩ হাজার ১৮৫ টনের বেশি ত্রাণ পাঠাল মিশর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, রাত ৯:০৭
Shares
গাজায় ৩ হাজার ১৮৫ টনের বেশি ত্রাণ পাঠাল মিশর

ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য ৩ হাজার ১৮৫ টনেরও বেশি মানবিক সহায়তা সামগ্রী নিয়ে নতুন একটি ত্রাণবাহী কনভয় পাঠিয়েছে মিশর। সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আহরাম অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, মিশরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, রোববার ভোরে পাঠানো এই বহরে গাজার হাসপাতালগুলোর জন্য জ্বালানি, খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য জরুরি সামগ্রী রয়েছে।

এই ত্রাণবাহী বহরটি রেড ক্রিসেন্টের ‘জাদ আল-ইজ্জা’ উদ্যোগের অংশ, যার স্লোগান ‘মিশর থেকে গাজা’। অবরুদ্ধ ফিলিস্তিনি জনগণের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে এই জাতীয় কার্যক্রম পরিচালনা করছে মিশর।

এমন এক সময়ে এই সহায়তা পাঠানো হলো, যখন গাজার স্বাস্থ্যব্যবস্থা ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জ্বালানি, ওষুধ এবং জীবনরক্ষাকারী অন্যান্য সরঞ্জামের তীব্র ঘাটতির কারণে গাজার কোনো হাসপাতালই এখন পুরোপুরি সচল নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রেইনহিল্ড ভ্যান ডি উইর্ডট জানিয়েছেন, গাজায় পাঠানোর জন্য ইসরায়েলি অনুমোদনের অপেক্ষায় থাকা চিকিৎসা সরঞ্জামের ছাড়পত্র পেতে গড়ে ৭৪ দিন পর্যন্ত সময় লাগছে।

তিনি আরও জানান, এক্স-রে মেশিনের মতো জরুরি চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রেও প্রায়ই দীর্ঘ বিলম্ব হচ্ছে, কখনো কখনো সেগুলোর প্রবেশের অনুমতিই দেওয়া হচ্ছে না।

গাজার স্বাস্থ্যব্যবস্থা যখন জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে, তখন মিশরের নতুন এই ত্রাণবহর হাসপাতাল ও সাধারণ মানুষের জরুরি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে।