রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে থানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্কের সামনের একটি আমগাছের নিচে ককটেল দুটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টার দিকে গেটের বাইরে থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা থানার ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্ক কক্ষের সামনের আমগাছের নিচে পড়ে বিস্ফোরিত হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।


