...|...|...

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, রাত ১২:৫৮
Shares
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ। ছবি: টাইমস টুডে

শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ। 

সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে এসব খাবার জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ১০ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে বিতরণের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল। তবে প্রকৃত মালিক শনাক্ত না হলে খাবারগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে বিপুল পরিমাণ রান্না করা খাবার দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল ও নানা আলোচনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫শ প্যাকেট খিচুড়ি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবা বাজার এলাকার একটি দোকান থেকে ৫শ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার নির্ধারিত কোনো রাজনৈতিক কর্মসূচিতে বিতরণের জন্য এগুলো রাখা হয়েছিল। খিচুড়ির প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় এগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।