কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধুরীর বাড়ি আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (২৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করইয়া ঘোনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সাবেক মেয়রের বাড়িতে আগুন দেখতে পান আশপাশের বাসিন্দারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে ততক্ষণে বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
করইয়া ঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জাকের হোছাইন হেলালীর দাবি, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা সাবেক মেয়রের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনের তীব্রতায় আশপাশের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়।
চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দিদারুল হক জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
আলমগীর চৌধুরী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মেয়াদে চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। এ ছাড়া চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি আলমগীর চৌধুরী। গত ৩০ আগস্ট রাতে চকরিয়া পৌরসভার সায়মা প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে ১০ সেপ্টেম্বর তিনি জামিন পান বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তার আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক।


