শরীয়তপুর ও মাদারীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় সূত্র। এ ছাড়া আরও কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ এখনো প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেনি।
রবিবার (২৯ নভেম্বর) ভোরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু-সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনশ্রমিকরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জাজিরার নাওডোবা ও বিকেনগর এলাকায় এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির অস্থায়ী সমাবেশস্থলে ভাঙচুর চালানো হয়। সেখানে থাকা প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে।
এ ছাড়া নাওডোবা গোলচত্বরের ‘ফুড এক্সপ্রেস’ ও ‘পদ্মাভ্যালী’ নামের দুটি রেস্তোরাঁয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রের দাবি, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিজামউদ্দিন মৃধা ও ইব্রাহিম সিপাই নামে দুজন নিহত হয়েছেন। নিজামউদ্দিন মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শামসুদ্দিন মৌলভীরকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। অন্যদিকে ইব্রাহিম সিপাই জাজিরা উপজেলার যুবলীগ কর্মী।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু-সংলগ্ন এলাকায় ঘটেছে। নিহত নিজামউদ্দিনের বাড়ি শিবচরের কুতুবপুরে। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে শুনেছেন তিনি।
এদিকে সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ জানান, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছেন তিনি। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
অবরোধকারীরা সড়ক ছেড়ে যাওয়ার পর পুলিশ ও বিজিবি সদস্যরা পুড়ে যাওয়া যানবাহন সরিয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করেন।
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় রাজৈর থানার পুলিশ। থানার ওসি শেখ আমিনুল ইসলাম মাইকে জরুরি যানবাহন চলাচলের সুযোগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করতে অবরোধকারীদের প্রতি আহ্বান জানান।
পরে পুলিশের সাথে আলোচনার পর অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। রবিবার বেলা ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সম্প্রতি গোপালগঞ্জেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এবার শরীয়তপুর ও মাদারীপুরে সংঘর্ষ এবং অবরোধের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


