...|...|...

সারাদেশ

জামালপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৩
Shares
জামালপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

ছবি: টাইমস টুডে

জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৫১৭৭) ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে, একটি মোটরসাইকেল (জামালপুর-ল ১১-৬৯৬৮) ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পলবান্ধা উজানপাড়া রেলক্রসিং মোড় এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। অপর একজন গুরুতর আহত হন।

পরে আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার করা হয়।

দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি ঘটনাস্থলে উল্টে পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।